ফরিদপুরে গভীর রাতে পল্লী বিদ্যুতের অভিযান, সতর্ক ৩০ দোকান-মার্কেট
ফরিদপুর প্রতিনিধি:
সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুরে রাতব্যাপী অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের সমন্বয়ে মোট ১০টি টিম বিভিন্ন এলাকায় এ নাইট অপারেশন পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন স্থানে আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখার কারণে মোট ৩০টি দোকান ও মার্কেটের মালিককে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুৎ অপচয় রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ সংযোগ প্রতিরোধে গ্রাহকদের সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।






Recent Comments